ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধারের টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুন, গ্রেফতার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২৪ নভেম্বর ২০২৩
ধারের টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুন, গ্রেফতার ১
গ্রেফতারকৃত আক্তার হোসেন

সাভারের আশুলিয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় বন্ধু শাহাদাত খানকে হত্যার ঘটনায় প্রধান আসামি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেফতারকৃত আক্তার হোসেন আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা। নিহত মো. শাহাদাৎ খান স্থানীয় হাবিব খানের ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। নিহত আক্তার ও শাহাদাত খান বন্ধু ছিলেন। 

Advertisement

জানা যায়, অভিযুক্ত আক্তারের কাছে শাহাদাত ধারের ৫ লাখ টাকা পেতেন। প্রায় টাকার জন্য চাপ দিতেন তিনি। পরে চলতি বছরের ২৪ জুন দুপুরে টাকা ফেরত দিবে বলে শাহাদাতকে বাড়ি থেকে ফোন করে ডেকে নেন আক্তার। পরে ভাদাইল তিন বন্ধুর মোড় এলাকায় পৌঁছালে তার ওপর অতর্কিত হামলা করে আক্তার হোসেন ও তার ৫-৬ জন সহযোগী। শাহাদাতকে মারধর করে পালিয়ে যান তারা। 

লোহার রডের আঘাতে তার মাথার খুলি ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এ ঘটনায় ২৭ জুন আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী মানসুরা আক্তার। গত ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদাত।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সোহেল মোল্লা বলেন, আসামিকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। 

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, দীর্ঘদিন ধরে পলাতক ছিল আক্তার হোসেন। বৃহস্পতিবার রাতে আমরা তাকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন আক্তার। পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!