ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাধ্যমিকের নতুন বই যাচ্ছে চাঁদপুরের শিক্ষা-প্রতিষ্ঠানে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২৮ নভেম্বর ২০২৩
মাধ্যমিকের নতুন বই যাচ্ছে চাঁদপুরের শিক্ষা-প্রতিষ্ঠানে
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসবের লক্ষ্যে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে চাঁদপুর জেলা সদরে। জেলার ৮ উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনাল ও ইবতেদায়িসহ ৫১৭ শিক্ষা-প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরের ৩৭ লাখ ৯৭ হাজার ২২২ কপি বইয়ের বরাদ্দ হয়েছে। এসব বই এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সদরের শিক্ষা-প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বই বিতরণ শুরু হয়। শহরের সরকারি টেকনিক্যাল স্কুল সংলগ্ন সংরক্ষণাগার থেকে এসব বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. ইসমাইল জানান, এ বছর চাঁদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হবে। মঙ্গলবারই প্রথম বিতরণ শুরু করা হলো। সদরে ৫৩টি মাধ্যমিক স্কুল ও ৩০টি মাদরাসা। বইয়ের চাহিদা রয়েছে প্রায় সোয়া ৬ লাখ। ২০২৩ সালে বিতরণ করা হয় ৭ লাখ বই।

শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষক বই নিতে এসেছেন। তারা জানান, আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বই পেয়েছি। অষ্টম শ্রেণির পেয়েছি ৭টি বই। বাকি বই এখনো আসেনি। নবম শ্রেণির জন্য নতুন কারিকুলামের বই আসবে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, জেলার ২৮৪টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদরাসার জন্য ষষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্য নতুন বই আসতে শুরু করেছে। এসব বই নিজ নিজ উপজেলা সংরক্ষণাগারে আসতে শুরু করেছে এবং নির্ধারিত সময় পৌঁছাবে। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সনের জন্য ১৪ হাজার ৯৫৫ কপি বইয়ের চাহিদা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের জন্য ২৬ হাজার ৭৬৫ কপি বইয়ের প্রয়োজনের চাহিদা প্রেরণ করা হয়েছে। ১ জানুয়ারি বই উৎসব করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!