ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণের চেইনের জন্য বৃদ্ধাকে হত্যা, আসামির যাবজ্জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২৯ নভেম্বর ২০২৩
স্বর্ণের চেইনের জন্য বৃদ্ধাকে হত্যা, আসামির যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত আল আমিন মল্লিক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃদ্ধা আবেদা খাতুনকে হত্যার দায়ে আল আমিন মল্লিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছরওয়ার্দী।

সাজাপ্রাপ্ত আল আমিন লৌহজং উপজেলার পালগাওঁ গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে।

Advertisement

জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট লৌহজং উপজেলার পালগাওঁ গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে ফরহাদ হাওলাদার ঈদের ছুটিতে ঢাকা থেকে নিজ বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে এসে ফরহাদ তার মাকে বাড়িতে না পেয়ে নিজের ছেলে মিজানুর ও স্ত্রীকে খুঁজতে পাঠান। এ সময় ফরহাদের স্ত্রী আল আমিন মল্লিককে তাদের বাড়ির পেছনে বসে থাকতে দেখেন। তাকে দেখে আল আমিন দ্রুত পালিয়ে যান। পরে ফরহাদ খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পেছনে ধান ক্ষেতে পানির মধ্যে তার মায়ের লাশ দেখতে পান। তার মা স্বাভাবিকভাবে মারা গেছেন ভেবে দাফন শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসেন। পরে বাড়িতে আসামি আল আমিনের দুইটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন ফরহাদ।

এরপর ২০১২ সালের ১৬ আগস্ট সকাল ১০টার দিকে ঐ গ্রামের লোকজনসহ ফরহাদ আসামি আল আমিনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আল আমিন আবেদা খাতুনের গলায় থাকা নয় আনা ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে বাধা দেন। এতে আবেদা খাতুনকে দেয়ালের সঙ্গে ধাক্কা মেরে পানিতে ফেলে দেন। পরে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।

এ ঘটনায় ফরহাদ বাদী হয়ে গত ২০১২ সালের ১৬ আগস্ট লৌহজং থানায় মামলা দায়ের করে। বুধবার আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এ মামলার রায় ঘোষণা করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সিরাজুল ইসলাম পল্টু জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাদীর মায়ের গলার চেইন চুরির করায় অপর একটি ধারায় তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!