ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাপে পড়ে অবশেষে যৌতুক ছাড়াই বিয়ে করলেন সেই বর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২ ডিসেম্বর ২০২৩
চাপে পড়ে অবশেষে যৌতুক ছাড়াই বিয়ে করলেন সেই বর
অবশেষে যৌতুক ছাড়াই বিয়ে করলেন সেই বর -ছবি: সংগৃহীত

যৌতুকের টাকা না পেয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে বিয়ের আসর থেকে চলে যান বর হোসেন মিয়া (২৫)। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নানা সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া কনের বাবা থানায় এ ঘটনায় অভিযোগ করেন।

সমালোচনার মুখে অবশেষে চাপে পড়ে শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে যৌতুকের টাকা ছাড়াই বিয়ে করেন বর হোসেন মিয়া। হোসেন মিয়া উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে হোসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বর তার আত্মীয় স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে এসেছিলেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এ সময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।

Advertisement

পরে এ নিয়ে শুক্রবার দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বরের মামা সবুজ মিয়া বলেন, বিষয়টি আমাদের দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করি।

কলমাকান্দা থানার এসআই আলমগীর কবীর বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে দু’পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!