স্কুলছাত্রীর হবু বরের বাড়িতে গিয়ে বিয়ে ভাঙল প্রেমিক, অতঃপর...
সাতক্ষীরা সদর উপজেলায় হবু বরের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেওয়ায় আত্মহত্যা করেছেন সানজিদা পারভিন কুহেলি নামে স্কুলছাত্রী।
শনিবার (২ ডিসেম্বর) উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের চুপুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কুতুবুদ্দিন সরদারকে আটক করেছে পুলিশ। মৃত সানজিদা পারভিন কুহেলি কবির হোসেনের মেয়ে। তিনি স্থানীয় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন জানান, শনিবার সকালে চুপুড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসীর মেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
.png)
পরিবারের বরাতে দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, স্থানীয় চুপুড়িয়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে কুতুবুদ্দিন সরদার ফাঁদে ফেলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কৌশলে সেই শিক্ষার্থীকে বার বার ব্ল্যাক মেইল করতে থাকেন। এরই মধ্যে ওই স্কুলছাত্রীর বিয়ের ব্যবস্থা করলেও কুতুব ওই পাত্রের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেন। একই সঙ্গে শিক্ষার্থীকে বিয়ে না করতে এবং তার সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখতে চাপ প্রয়োগ করলে আত্মহত্যা করেন স্কুলছাত্রী।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কুতুবুদ্দিন সরদারকে আটক করেছে পুলিশ।