ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিষ্টি খাইয়ে ভ্যানচালককে হত্যা, কচুরিপানায় লুকিয়ে রাখে লাশ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ৮ ডিসেম্বর ২০২৩
মিষ্টি খাইয়ে ভ্যানচালককে হত্যা, কচুরিপানায় লুকিয়ে রাখে লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর নিয়ামতপুরে নাজমুল হুদাকে (২৬) হত্যার অভিযোগে মাহবুর আলম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মাহবুর আলম উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

থানায় এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর প্রতিদিনের ন্যায় নাজমুল হুদা ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, নাজমুলকে সন্ধ্যায় বাজারে মাহবুর আলমের সঙ্গে ঘুরতে দেখেছেন। নাজমুলকে না পেয়ে তার বাবা মোহাম্মদ কাজী বাদী হয়ে পরদিন নিয়ামতপুর থানায় অভিযোগ করেন।

পুলিশ মাহবুরকে গ্রেফতার করলে হত্যার কথা স্বীকার করেন। ঘাতকের ভাষ্য, উপজেলার সাংশৈল ও পাচরা সীমানা সংলগ্ন ঝলঝলিয়া পুকুর পাড়ে নিয়ে গিয়ে নাজমুলকে মিষ্টি জাতীয় কিছু খাইয়ে হত্যা করা হয়। সেখানে কচুরিপানার মধ্যে লাশ রেখে তার মোবাইল ও ভ্যান নিয়ে যান। পরে ভ্যানটি উপজেলা টিএলবি-শিবপুর আঞ্চলিক রাস্তার পাশে পরিত্যক্ত স্থানে রেখে বাড়ি যান।

Advertisement

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, গ্রেফতার মাহবুর আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!