ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই, প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ১১ ডিসেম্বর ২০২৩
চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই, প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

গহীন পাহাড়ে চালকে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি শাহিনুর ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোণার দুর্গাপুরে চাঞ্চল্যকর এ ঘটনার চার মাস পর পুলিশের জালে ধরা পড়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শাহিনুর ইসলাম।

সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, রোববার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

অভিযুক্ত শাহিনুর দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে পূর্বধলার নাটেরকোনা গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পরে নিখোঁজ হন মোটরসাইকেলচালক হাকিম মিয়া। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। 

এই জিডির সূত্র ধরে ৮ আগস্ট দুর্গাপুরের বিরিশিরি এলাকা থেকে বিনয় সাহা নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের আটদিন পর ৯ আগস্ট দুর্গাপুরের সদর ইউনিয়নের পাহাড়ি সীমান্তবর্তী দাহাপাড়া গ্রামের গহীন পাহাড় থেকে হাকিম মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের বাবা আলাল মিয়ার বাদী হয়ে বিনয় সাহা ও শাহিনুর ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো একজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গত চার মাস ধরে বিনয় সাহা কারাবাস করলেও চার মাস ধরে পলাতক ছিলেন প্রধান আসামি শাহিনুর ইসলাম।  

এদিকে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশেই জারিয়া এলাকা থেকে ভাড়া করে মোটরসাইকেলচালক হাকিম মিয়াকে দুর্গাপুরে নিয়ে আসেন। পরে সুযোগ বুঝে হাকিমকে হত্যা করে গহীন পাহাড়ে লাশ ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত শাহিনুর। এতদিন ছদ্মবেশে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম বলেন, পালাতক এই আসামিকে ধরতে দীর্ঘদিন ধরেই আমরা অভিযান পরিচালনা করছি। সর্বশেষ রোববার গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি শাহিনুরকে ধরতে সক্ষম হই। শাহিনুর হাকিম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!