নারিকেলের গুঁড়া ভেবে কীটনাশক খেলো কিশোর, অতঃপর...
নোয়াখালীর চাটখিল উপজেলায় নারিকেলের গুঁড়া ভেবে ইঁদুর মারার কীটনাশক খেয়ে জাহিদুল ইসলাম আল আমিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত জাহিদুল ইসলাম আল আমিন ওই গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়ির হান্নান হোসেন হানিফের ছেলে।
স্থানীয়রা জানান, আল আমিনের মা জেসিমন আক্তার চালের গুঁড়া ও নারিকেলের সঙ্গে কীটনাশক মিশিয়ে ইঁদুর মারা জন্য বসতঘরের ভেতর গ্যাসের চুলার পাশে রেখে দেন। এরপর তিনি সুপারি গাছের খোল আনতে ঘরের বাইরে যান। কিছুক্ষণ পরে আল আমিন ঘরে ঢুকে চাল ও নারিকেলের গুঁড়াকে খাবার মনে করে খেয়ে ফেলে।
পরে তার গলা জ্বালাপোড়া ও বমি হতে থাকলে তার মা বাড়ির লোকজনের সহায়তায় তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যান। সেখান শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
চাটখিল থানার ওসি ইমদাদুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।