[ দেশজুড়ে ]
অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কিশোরের
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১৬ বছরের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুম। সে বারোমাইল আনাসপাড়া গ্রামের দুলাল মালিথার ছেলে ও বারোমাইল দাখিল মাদরাসার ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার এসআই বিশ্বজিৎ কুমার।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ব্র্যাক অফিসের সামনে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাসুমসহ আরো একজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।
.png)
এসআই বিশ্বজিৎ কুমার জানান, অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়। ঘটনাস্থল থেকে ভ্যানচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!