রসমালাই খেতে কুমিল্লা যাচ্ছিলেন ৩ বন্ধু, রাস্তায় প্রাণ গেল একজনের
মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মজিবুর রহমান নাদিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের দুই বন্ধু। মঙ্গলবার বিকেলে উপজেলার ফিদা সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুর রহমান নাদিম ঢাকার দক্ষিণখান এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত অপর দুজন হলেন- সাব্বির হোসেন (২২) ও রবিন (২০)। তারা তিন বন্ধু মিলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে কুমিল্লাতে রসমালাই খেতে যাচ্ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত সাব্বির হোসেন বলেন, ‘আমরা তিন বন্ধু কুমিল্লায় গিয়ে রসমালাই খাওয়ার পরিকল্পনা করি। আজ সকালে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেই। নাদিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ফিদা সিএনজি পাম্পের সামনে আসলে পেছন থেকে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাদিম মারা যায়। স্থানীয়রা আমাকে ও রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
.png)
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ বর্তমানে ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।