চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি নির্মাণাধীন সাত তলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলী (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা শহরের মুক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কুরবান আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন- নওগাঁর পানিহারা গ্রামের বিপদ রবি দাসের ছেলে উত্তম কুমার দাস এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক।
আহত আশিক বলেন, সকালে আমরা ছয়জন শ্রমিক সায় তলায় লিফট ঘরে ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় উত্তম কুমার ও ইয়াসিন আলি ভারা ভেঙে সাত তলা থেকে নিচে পড়ে যান। আমিসহ দুইজন লাফ দিয়ে ছাদে উঠে যাই। তবে আমি আহত হয়েছি। এছাড়া নিচে পড়ে যাওয়া দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
.png)
সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা জামান (জয়া) জানান, ইয়াসিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। উত্তম কুমার ও আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে উত্তম কুমারকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।