স্ত্রীকে উত্ত্যক্ত: প্রতিবাদ করায় কাল হলো মালেকের
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ি গিয়ে আবদুল মালেক নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত আবদুল মালেক।
জানা যায়, আবদুল মালেকের স্ত্রী সাজেদা বেগমকে বহুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের ওসমান মিয়ার ছেলে আবদুল মালেক। এ নিয়ে কাটখাল ইউপি চেয়ারম্যানের কাছে একাধিকবার বিচার দেন নিহত আবদুল মালেক।
.png)
নিহতের ভগ্নিপতি আবুল মিয়া জানান, সপ্তাহ খানেক আগে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের কাছে মালেকের বিরুদ্ধে বিচার দেন নিহত আবদুল মালেক। তারপরও কোনো প্রতিকার হয়নি। মঙ্গলবার দুপুরে হঠাৎ নিহত আবদুল মালেকের ঘরে গিয়ে ওসমান মিয়ার ছেলে মালেক মিয়া ও সহযোগীরা মারধর করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল মালেক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) স্যামুয়েল সাংমা বলেন, পরকীয়ার জের ধরে খুন হয়েছেন আবদুল মালেক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।