এখানকার কৃষকের প্রধান ফসল বোরো ধানের আবাদ। মাঘের প্রথম সপ্তাহ বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময়। সবাই এখন ঘরবন্দি হয়ে থাকলেও, কৃষকরা ভোর ৬টায় ঘুম থেকে উঠেই ছুটছে জালা (ধানের চারা) উঠাতে।
কুয়াশায় ঢাকা ধানের চারা তুলতে কৃষকের হাত ভারি হয়ে আসলেও নেই ছলনা। কেউ নিজের জমিতে, কেউবা দৈনিক ৬০০ টাকা মজুরিতে কাজ করছেন। ধানের চারা উঠানোর পর তা রোপণ করতে নামতে হচ্ছে, প্রস্তুত করা জমির বরফ শীতল পানিতে।
.png)
চতিলা গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আ. রসিদ বলেন, সকালে ধানের চারা তুলতে যেয়ে হাত পা ঠান্ডা হয়ে শরীর কাঁপতে থাকে। বাধ্য হয়ে জমি থেকে উঠে বাড়ি চলে আসি। প্রতি বছর বোরো ধান রোপণের সময় এলে প্রচণ্ড শীত শুরু হয়। জীবন বাঁচাতে বাধ্য হয়েই কাজ করতে হয়।
কৃষক আলমগীর হোসেন বলেন, হাড় কাঁপানো শীতের সঙ্গে লড়াই করে বাধ্য হয়েই মানিয়ে নিয়ে কাজ করতে হয়। নিজের জমিতে পাওয়া ধান দিয়েই সারাবছর সংসার চলে।
কৃষক হাছেন আলী জানান, আমাদের আবাদ করা ফসলেই দেশের মানুষ বেঁচে আছে, অথচ কৃষকের কোথাও মূল্যায়ন নেই। কৃষকরা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ও প্রকৃত চাষিরা সমাজে মূল্যায়ন পায় সেজন্য সরকারের উচিত মাঠের কৃষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, গোপালপুর উপজেলায় এবার চৌদ্দ হাজার পঞ্চাশ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শৈত্যপ্রবাহের সময় ধান রোপণে কৃষকদের আমরা অনুৎসাহিত করি। তবে ধানের চারার বয়স ৪৫ দিন অতিবাহিত হলেও সমস্যা দেখা দেয়। শৈত্যপ্রবাহের পর ধানের চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে। ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্টের আক্রমণ হয়, এই জাতের ধানের চারা রোপণ না করতেও কৃষকদের বলা হচ্ছে।