লক্ষ্মীপুরের রায়পুরে সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্নমানের রং এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চালতাতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা মনিরা খাতুন।
.png)
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেসার্স এস জাহান ফার্মেসিকে ৩০ হাজার, আনোয়ারা ফার্মেসিকে ২০ হাজার ও মেসার্স এসএসকে সানি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চলতাতলা ব্রিজ এলাকায় সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্নমানের রং মেশানোর দায়ে খলিলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার কর্মকর্তা নুর হোসেন বলেন, উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এর মধ্যে উপজেলা প্রশাসন ৯০ হাজার টাকা ও ভোক্তা অধিকার ২০ হাজার টাকা জরিমানা করে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেলসহ একাধিক পুলিশ সদস্য।