নরসিংদীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
নরসিংদীতে বেলাবোতে আল-আমিন নামে এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা মামালায় ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শামীমা পারভীন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ওসি সাফায়েত হোসেন পলাশ।
.png)
সাজাপ্রাপ্তরা হলেন- বেলাবো উপজেলার মরিচাকান্দি গ্রামের রহুল আমিন ওরফে রাহুল, একই গ্রামের মো. কাউছার মিয়া, ভাটেরচর গ্রামের মো. হৃদয় মিয়া, রুবেল, দুলালকান্দি গ্রামের রাকিবুল ইসলাম শুভ, একই গ্রামের মাহিন, নোয়াকান্দি গ্রামের সাইদুল, ভৈরব উপজেলার দড়িচন্ডিবের এলাকার সুমন ওরফে সুন্দর সুমন, বাঁশগাড়ী (মানিকদী) গ্রামের আশাব উদ্দিন ওরফে শাকিল এবং রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের রিপন। রায় ঘোষণার সময় মাহিন ও রাকিবুল উপস্থিত ছিলেন। বাকিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
নিহত আল-আমিন রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি নরসিংদীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন।
মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, ২০১৭ সালের ১৬ অগাস্ট রাতে আল-আমিন অফিস শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় আসামিরা আল-আমিনকে হাত-পা বেঁধে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যার পর তার মোটরসাইকেলটি নিয়ে যান। এ ঘটনার পরের দিন নিহতের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে ১২ জনকে আসামি করে বেলাবো থানায় হত্যা মামলা করেন। পুলিশ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয়।