একই পরিবারের ৩ জনকে হারিয়ে স্বজনদের আহাজারি
খুলনার ডুমুরিয়া উপজেলার আঙ্গারদহ নামক স্থানে মাটিবাহী ডাম্পার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুইজন। হাসপাতালে চলছে নিহতদের স্বজনদের আহাজারি।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার বিকেল ৩টার দিকে মাটিবাহী ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস (৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৮) এবং আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৫) নিহত হন।
দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিশ্বজিতের মেয়ে অর্ণি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস (৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাসকে (২৮) ডুমুরিয়ার ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু অর্ণি বিশ্বাস মারা যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এর নম্বর (খুলনা মেট্রো শ ১১-০৫১০)। ট্রাকটি এমএসবি ভাটার মালিক পুষ্পক সরদারের বলে জানা গেছে।
দুর্ঘটনার পরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ ও ডুমুরিয়া থানার ওসি শুকান্ত সাহা উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় সাতক্ষীরা অভিমুখী ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।