ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকার বিয়ে বাড়িতে প্রেমিকের হামলা, অতঃপর...

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
প্রেমিকার বিয়ে বাড়িতে প্রেমিকের হামলা, অতঃপর...
ছবি: সংগৃহীত

বুধবার (১৪ ফেব্রুয়ারি) তখন সন্ধ্যা। ওই সময় ঘরোয়াভাবে বাড়িতে বিয়ের আয়োজন করা হয় সাদিয়ার। বিয়ের খবর পেয়ে প্রেমিক কাউসার ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালায়। এমনকি সাদিয়াকে জোরপূর্বক উঠিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় বরপক্ষকে বাঁচাতে এগিয়ে এলে আটজন আহত হন। এছাড়া রান্না করা খাবার ফেলে দেয় ও  স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। 

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে। 

কনের বাবা মহিউদ্দিন হাজী বলেন, ভুলতা ভায়েলা এলাকার কাউসার নামে এক যুবক আমার মেয়ে সাদিয়া আক্তারকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কাউসার ভুলতা এলাকায় ফুটপাত থেকে চাঁদাবাজি করে বেড়ায়। কাউসারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সাদিয়াকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। বুধবার দুপুরে আমার বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়। সাদিয়ার বিয়ের খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে কাউসার ও তার লোকজন পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে হামলা চালিয়ে সাদিয়াকে জোরপূর্বক উঠিয়ে নেয়ার চেষ্টা করে। 

Advertisement

পরে পরিবারের লোকজনের বাধায় মেয়েকে নিয়ে যেতে পারেনি। পরদিন বুধবার বিকেল বেলা কাউসার আবার দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে এসে বরপক্ষকে হামলা চালায়। বরপক্ষকে বাঁচাতে আমাদের লোকজন এগিয়ে গেলে কাউসার বাহিনীর হামলায় পনির, নিপা আক্তার, বৃষ্টিসহ মোট ৮ জন আহত হন। পরে হামলাকারীরা বরপক্ষের লোকজনকে মারধর করে তাড়িয়ে দেয়। এ সময় হামলাকারীরা রান্না করা খাবার ফেলে দেয় ও ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বর্তমানে আমার মেয়ে ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছি। 

অভিযুক্ত কাউসার বলেন, সাদিয়ার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে। তবে বরযাত্রীদের ওপর হামলার ঘটনা মিথ্যা। 

ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়ের পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!