শুক্রবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজনগর উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশা চালক রাজু আহমেদ ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল আহমদ এবং নাঈম আহমদ ফাহিম নামে আরেকজন।
আহতরা হলেন- রাজনরগ উপজেলার দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম এবং তার দুই মেয়ে রিমা বেগম ও পিমা বেগম। এছাড়া আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুইটি অটোরিকশার একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। পথে রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌঁছালে গাড়ি দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রাজু আহমদ নিহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পথে অপর অটোরিকশা চালক কুদ্দুস মিয়ার ছেলে সোহেল আহমদ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর ফাহিমের মৃত্যু হয়।
এ সময় আহত হন- সেনাই বেগম এবং তার দুই মেয়ে রিমা বেগম ও পিমা বেগমসহ আরো একজন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ওসি আব্দুস ছালেক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।