চুয়াডাঙ্গায় দুই ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের খবরে বেশ কিছু অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় মালিকরা।
জানা যায়, দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করার সময় গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট, অপরিচ্ছন্ন পরিবেশ ও টেকনোলজিস্টের সার্টিফিকেট না থাকায় ৩০ হাজার টাকা ও মদিনা ক্লিনিকের অপারেশন থিয়েটারে জীবনরক্ষাকারী ৪০ অ্যাম্পুল সাক্সা ইনজেকশন মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
এদিকে, অভিযানের খবর পেয়ে আনারুল ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন প্যাথলজি ও আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান তদারকিকালে বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। যারা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।