সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মিয়ানমারের ওপারে থেমে থেমে গোলাগুলি ও মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত এলাকার বসতঘর। তবে দুপুর থেকে এ পর্যন্ত কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।
জানা যায়, নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারী বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। সংঘর্ষের প্রভাবে টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সাবরাং, শাহ পরীরদ্বীপ ও সেন্টমার্টিন সীমান্ত এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
.png)
সীমান্তের একাধিক সূত্রের দেওয়া খবর অনুযায়ী, গত রোববার থেকে সরকারি বাহিনীর অবস্থানে হামলা বাড়িয়েছে আরাকান আর্মি। সোমবার সন্ধ্যায় মংডু টাউনশিপের কাছাকাছি অবস্থিত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একটি ক্যাম্প আরাকান আর্মি দখল করে নেয় বলে জানা গেছে। এ সংক্রান্ত বেশ কিছু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
টেকনাফ স্থলবন্দরে আমদানি পণ্য নিয়ে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী বলেন, টানা দেড় মাসের বেশি সময় ধরে রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে আরাকান আর্মি। এরইমধ্যে মংডু টাউনশিপের উত্তর, দক্ষিণ ও পূর্বপাশের রাচিডং টাউনশিপসহ ১০টির বেশি থানা দখলে নিয়েছে আরাকান আর্মি। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে টিকতে না পারে সম্প্রতি নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১৭৭ জন বিজিপি সদস্য। তারা সবাই নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) হেফাজতে রয়েছেন। এর আগে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ৩৩০ জন। গত ১৫ ফেব্রুয়ারি তাদের সবাইকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘যেভাবে হঠাৎ মিয়ানমার ওপারে থেমে থেমে বোমার বিকট শব্দে কাঁপছে আমার বাড়ি। এ রকম শব্দ কোনোদিনও শুনিনি। মনে হয়েছে আমার বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। আতঙ্কে ঘুমাইতে পাচ্ছি না।’
টেকনাফ নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম বলেন, মিয়ানমারে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে শুনেছি। কোনো দিন আমার বাড়িতে বিকট শব্দে আওয়াজ পাইনি। সকালে এমন বিকট শব্দ হয়েছে বাড়ির জানালার কাচের শব্দে ঘুম ভাঙলো।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আজিজুর রহমান বলেন, কোনো দিন এভাবে বিকট শব্দ শুনিনি। সকালে এমনভাবে বিকট শব্দ হয়েছে মনে হয় সেমিপাকা বাড়িটি ভেঙে পড়ছে।
শাহ পরীরদ্বীপ জালিয়াপাড়া বাসিন্দা শামীম জানান, মিয়ানমার ওপারে এমন বিকট শব্দ হয়েছে পুরো দ্বীপ কাঁপছে। বিকট শব্দে ঘুম শেষ এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন।
এ বিষয়ে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতি পরিবর্তন না হওয়ায় গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফনদী সীমান্তে বিজিবির টহল ও কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।