ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতন, ফরিদপুরে গ্রেফতার ১

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ২৯ মার্চ ২০২৪
লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতন, ফরিদপুরে গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের সালথার এক যুবককে নির্যাতনের ঘটনায় সালথা থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। 

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার ৩ নম্বর আসামি মো. শাকিল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নকুলহাটি বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। 
শাকিল একই উপজেলার বিভাগদী গ্রামের মো. নফেলের ছেলে।

এর আগে, এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে সালথা থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। সালথা থানার এসআই কবিরুল হক মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন।

Advertisement

সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় ওই যুবকের বাবা সালথা থানায় বৃহস্পতিবার বিকেলে একটি এজাহার দায়ের করেছেন। এর পরপরই শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি শাকিল নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি সালথার রামকান্তপুর এলাকার মো. শাকিল মিয়া (২৪) নামে এক যুবককে চাকরির প্রলোভনে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্র। পরে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!