সাগরে জেলেদের জালে উঠল ৫২টি লাক্ষা মাছ, ১১ লাখে বিক্রি
বরগুনার পাথরঘাটা উপজেলার এক ট্রলারে জেলেদের জালে ৫২টি বড় আকারের লাক্ষা মাছ ধরা পড়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফবি সাইফ-৪ নামে একটি ট্রলারের জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।
শনিবার দুপুরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে প্রতিমণ ৮০ হাজার টাকা করে মোট ১১ লাখ ৮ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
সরেজমিনে পাথরঘাটা বিএফডিসি ঘাট ঘুরে দেখা যায়, প্রতিদিন সমুদ্রে মাছ ধরা শেষে ছোট বড় অসংখ্য ট্রলারে জেলেরা মাছ বিক্রি করতে ঘাটে আসেন। বর্তমানে সমুদ্রে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। তবে এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যেন লটারির টিকিট পেয়েছেন এফবি সাইফ-৪ ট্রলারের জেলেরা। বিভিন্ন মাছের সঙ্গে তাদের জালে ধরা পড়েছে ৫২টি লাক্ষা মাছ। বিদেশে রফতানি হওয়ায় বড় সাইজের এসব লাক্ষা মাছ বেশি দামে বিক্রি হয়। এতে খুশি ওই ট্রলারের জেলেরা।
.png)
এফবি সাইফ-৪ ট্রলারের জেলে ফারুক হাওলাদার বলেন, ঈদের আগে সমুদ্রে গিয়ে বড় সাইজের লাক্ষা মাছ পেয়ে আমরা খুশি। ৭০ থেকে ৮০ হাজার টাকা মণ বিক্রি করতে পেরেছি। এখন একটু হলেও আমরা আমাদের দেনা পরিশোধ করতে পারব।