জেলের জালে উঠে এলো ১২০ কেজি পাখি মাছ
বঙ্গোপসাগরে সূর্য মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩ মণ ওজনের চারটি পাখি মাছ। মঙ্গলবার এসব মাছ পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় বড় সাইজের এ মাছগুলো একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মাছ ব্যবসায়ী মাছগুলো সাড়ে সাত হাজার টাকায় কিনে নেন। সূর্য মাঝি ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে।
সূর্য মাঝি বলেন, আমরা ১৭ জন জেলে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেলি। এ সময় ইলিশের জালে একসঙ্গে চারটি পাখি মাছ ধরা পড়ে। মাছগুলোর ওজন অনেক বেশি হওয়ায় জাল থেকে খুলে ট্রলারে তুলতে খুব বেগ পেতে হয়েছে। মাছ চারটির ওজন ৩ মণ হয়েছে।
.png)
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে চলাচলকারী দ্রুতগতির মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।