লালমোহনে ট্রলি-সিএনজি সংঘর্ষ, আহত ৫
ভোলার লালমোহন উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রলির সঙ্গে সিএনজির সংঘর্ষে সিএনজি উল্টে চালকসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মিনার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- সিএনজিচালক আলমগীর, যাত্রী মো. খালেক, খোরশেদ, রুহুল আমিন ও ইশতিয়াক মুন্না। এদের মধ্যে মুন্না উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকার মো. নূরুজ্জামানের ছেলে ও অন্যান্যরা চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আহতের মধ্যে আলমগীর, খোরশেদ এবং রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ভোলায় সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে হঠাৎই মিনার মসজিদ এলাকায় বিকট শব্দ হয়। পরে সেখানে গিয়ে সড়কের পাশে চরফ্যাশনগামী একটি সিএনজিকে উল্টে পড়ে থাকতে দেখা যায়। এ সময় সিএনজির ভেতর আটকে পড়া ৫ জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
.png)
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইবনুল রহমান বলেন, একটি দুর্ঘটনায় আহত হয়ে কয়েকজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।