জেলা প্রশাসকের স্বাক্ষর নকল করে ‘অবিবাহিত সনদ’
চট্টগ্রাম জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মোহাম্মদ আকতার নামে একজনকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় আকতারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক। এর আগে, শনিবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আকতার সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামের শহীদুল্লাহ সর্দারের ছেলে।
.png)
চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার মো. আল আমিন হোসেন বলেন, বৃহস্পতিবার মেয়াদ বাড়ানোর জন্য একটি অবিবাহিত সনদ জমা দেন মোহাম্মদ আকতার নামের ওই ব্যক্তি। সনদটিতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষর জাল দেখে তাকে আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়। সনদটি কামরুল হাসান নামে একজনের। এটি এফিডেভিট করেন ঢাকার এক আইনজীবী। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার অফিস সহকারী আবরারুল মোস্তফা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
ওসি এসএম ওবায়েদুল হক বলেন, আসামিকে গ্রেফতার করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে আসামিকে হেফাজতে নেয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে জালিয়াতির অভিযোগে এজাহার নেয়া হয়েছে।