ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ করবে বুয়েটের ‘সুরক্ষা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ২১ মার্চ ২০২৪
নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ করবে বুয়েটের ‘সুরক্ষা’
ছবি: সংগৃহীত

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ‘সুরক্ষা’ নামে একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৯ মার্চের নিয়োগ পরীক্ষায় এই যন্ত্র পরীক্ষামূলকভাবে পাঁচটি জেলায় ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইটিসি) এ যন্ত্র উদ্ভাবন করেছে। এ সময় ঐ যন্ত্রের কারিগরি দিক তুলে ধরেন এই যন্ত্রের উদ্ভাবনের সঙ্গে জড়িত বুয়েটের অধ্যাপক এস এম লুৎফুল কবির।

Advertisement

বর্তমানে চাকরির পরীক্ষার হলে বসে এক শ্রেণির অসাধু চাকরিপ্রার্থী কানে দেওয়া ছোট একটি ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে বলে অভিযোগ আছে। নতুন এই যন্ত্র সন্দেহভাজন ব্যক্তির কাছাকাছি নিলে সংকেত (সিগন্যাল) দেবে। যার মাধ্যমে দোষী পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, এ বিষয়ে এখনই শতভাগ সফলতা আসেনি। প্রাথমিক সফলতা এসেছে। এই যন্ত্র উদ্ভাবনের জন্য বুয়েটের আইআইটিসিকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। আশা করছি, এ বিষয়ে শতভাগ সফলতা আসবে।

তিনি বলেন, ২৯ মার্চ তৃতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপে শূন্য পদের সংখ্যা ৬ হাজার ২০১। এর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। সব মিলিয়ে এ বছর মোট ১৩ হাজার ৭৮১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!