ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল ৭০ বিঘা পানের বরজ

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৩:৪৪, ২ মে ২০২৪
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল ৭০ বিঘা পানের বরজ
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭০ বিঘা পানের বরজ ও কলাবাগান পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে আলমডাঙ্গা ও ঝিনাইদ‌হের হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে রাত সা‌ড়ে ১০টার দি‌কে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের দুয়ারপাড় নামক মাঠে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়াণপুর এলাকার দুয়ারপাড় মাঠের একটি পানবরজে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী পান বরজে ছড়িয়ে পড়ে। একে একে প্রায় ৩৫-৪০টি পানবরজ ও ৫-৭টি কলাবাগান পুড়ে যায়। এলাকাবাসীরা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। প‌রে রাত সা‌ড়ে ৮টার দিকে ঘটনাস্থ‌লে পর্যায়ক্র‌মে আলমডাঙ্গা ও হ‌রিণাকুন্ডুর ফায়ার সা‌র্ভি‌সের ৪টি ইউনিট উপ‌স্থিত হয়।

Advertisement

ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, আগুনের সূত্রপাত হলে গ্রামের শতাধিক লোকজন নিয়ে আগুন নেভাতে ছুটে যান। মাঠে পুকুর কিংবা ডোবা না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। তবে স্থানীয় বৈদ্যুতিক মোটর দিয়ে বসতবাড়ির পাশের বাঁশবাগানের আগুন নিয়ন্ত্রণ করা হয়। 

তিনি আরো বলেন, দুয়ারপাড় মাঠে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি। এছাড়া মাঠে ইঞ্জিনচালিত শ্যালোমেশিনও তালা বদ্ধ থাকায় পানি পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়। পরবর্তীতে বসতবাড়ির নলকূপের পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আলমডাঙ্গার ২টি ইউনিট ও হরিণাকুন্ডুর ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ত‌বে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্প‌র্কে কিছু বলা যা‌চ্ছে না। তদন্ত সা‌পে‌ক্ষে বিস্তা‌রিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!