ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে নিহত চারজন পটুয়াখালীর, বাড়িতে শোকের মাতম

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ২ মে ২০২৪
হবিগঞ্জে নিহত চারজন পটুয়াখালীর, বাড়িতে শোকের মাতম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেটকারের পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের চারজন। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা এলাকায়। এ ঘটনায় বাড়িতে চলছে শোকের মাতম।

বুধবার (১ মে) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা ও খোকন মৃধা, নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার ও ছেলে কাওসার। তাদের সঙ্গে প্রাইভেটকারের চালকও মারা গেছেন বলে জানা গেছে।

নিহত জামাল ও খোকনের মামা মো. সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধার ইলেক্ট্রনিক্সের দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন। কাওসার সপ্তম শ্রেণির ছাত্র। কাওসারের মানত থাকায় প্রাইভেটকারে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেটে শাহজালাল (রা.) এর মাজারে যান তারা। ফেরার এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন।

Advertisement

গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু জানান, খবরটি শুনে নিহতদের বাড়ি যাচ্ছি। একই পরিবারের চারজন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!