মালামাল যথাযথভাবে বুঝে ও পরিমাপ করে নেয়ার জন্য নেই কোনো দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তা। ফলে যথাযথ পরিমাপ বুঝে না নিয়েই নিম্নমানের মালামাল সামগ্রী আনলোড করা হচ্ছিল পূর্বের স্তূপকৃত মালামালগুলোর ওপরে। এতে বুঝার কোনো উপায় নেই কোনটি আগের আর কোনটি চলতি বছরের৷ শুরুতে সেখানকার প্রবেশ গেটের তালা খোলা থাকলেও পরের দিন থেকে গেটে তালা দিয়ে মালামাল নামান শ্রমিকরা।
সড়ক ও জনপথ অফিসের তথ্যমতে, সড়ক-সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সাপ্লাইয়ের মোট পাঁচটি টেন্ডার এ পর্যন্ত হয়েছে। যার আনুমানিক বরাদ্দ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তবে বরাদ্দ থাকলে নিজের খেয়াল খুশিমতো নামেমাত্র মালামাল নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
.png)

নাম প্রকাশে অনিচ্ছুক দফতরের এক কর্মচারী বলেন, এ বছরে সড়ক রিপেয়ার ও মেইনটেনন্সের জন্য প্রায় কয়েক কোটি টাকা বরাদ্দ হয়৷ কিন্তু নামেমাত্র মালামাল কিনে বাকি সব টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছেন নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্টরা।
এ ছাড়াও আর্থিকভাবে লাভবান হয়ে ঠিকাদারকে কাজ দেওয়া ও ঠিকাদারের কাছে বিভিন্ন সময়ে উপহার নেয়া এবং বাড়ির কাঁচাবাজার করে নেয়ারও অভিযোগ উঠেছে দফতরটির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। গত বছরের ১ নভেম্বর সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জনস্বার্থে ঠাকুরগাঁও থেকে গাইবান্ধা জেলা সড়ক বিভাগে বদলির নির্দেশ হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদবির করে স্বপদে বহাল থেকে যান তিনি৷
নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঠাকুরগাঁওয়ের জেলা সভাপতি আবু মহী উদ্দীন বলেন, রাতের বেলা মালামাল বুঝে নেয়া হলে ‘নয় ছয়’ করার সম্ভাবনা সৃষ্টি হয়। রাজস্ব খাতে বরাদ্দের অর্থ ব্যয়ের সরকারি নীতিমালা আছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মালামাল বিধি মতো বুঝে দেবেন, সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে। এর ব্যত্যয় ঘটলে সেটা ঘটানো হয়েছে সরকারি সম্পদ আত্মসাৎ করার অসৎ উদ্দেশে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, সরকারি মালামাল রাতের বেলা নেয়ার কোনো প্রশ্ন নেই। গভীর রাতে মালামাল নেয়া হলে এটি প্রতীয়মান হবে, যে তারা চুরি করার জন্য এ কাজ করছেন। আর রাজস্ব খাতে বরাদ্দের টাকা দিয়ে মালামাল ক্রয় করা হচ্ছে। এটা অত্যাবশক যে দায়িত্বরত কর্মকর্তা এটি সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে বুঝিয়ে নেবেন। এর ব্যতয় ঘটলে এতে সরকারি সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্য থাকে।
সড়ক ও জনপথ বিভাগ ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, ঠিকদাররা দিনের বেলা না দিতে পারায় রাতের বেলা নিতে হয়েছে। আর মালামাল নেয়ার সময় আমাদের সেখানে একজন কর্মকর্তা থাকার কথা৷ তবে রাত বেশি হওয়ায় তিনি হয়তো ছিলেন না। যতটুকু মালামাল বরাদ্দ আমরা ততটুকু নিই।