রোববার বেলা ১১টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে এ দুর্ঘটনা ঘটে। মৃত মমতাজ বেগম কাপাসিয়া উপজেলার বারিগাঁও গ্রামের শারফুদ্দিনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, সকাল ৬টার দিকে হার্টের সমস্যা নিয়ে মমতাজ বেগমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা। এরপরে ডাক্তার দেখাতে হাসপাতালের ১০ তলা থেকে চতুর্থ তলায় নামার সময় হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। এ সময় লিফটে থাকা তিন অপারেটরের মোবাইল নম্বরে কল করা হলে তারা চা খেয়ে আসছি বলে কালক্ষেপণ করেন। প্রায় ৪৫ মিনিট আটকে থাকার পর হাসপাতালের লোকজন নয় তলায় দিয়ে তাদের বের করে আনেন। তবে তার আগেই মারা যান মমতাজ।
.png)
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক অফিসার হাসনিন জাহান জানান, লিফটের ভেতর একজন রোগী মারা গেছেন। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
তবে বিষয়টি জানতে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামের মোবাইল একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।