ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাতির কোলে এসে ভোট দিলেন শতবর্ষী আমেনা

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১৪:০৯, ২১ মে ২০২৪
নাতির কোলে এসে ভোট দিলেন শতবর্ষী আমেনা
নাতির কোলে শতবর্ষী আমেনা বেগম

শতবর্ষী আমেনা বেগম। বয়স ১০৫ বছর। ভাইপুতের (নাতি) কোলে উঠে আসলেন ভোটকেন্দ্রে ভোট দিতে। মঙ্গলবার দুপুরে এমন দৃশ্য দেখা গেছে কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়নের পাচলিপাড়া কেন্দ্রে। জীবনের শেষ প্রান্তে এসেও ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা। 

আমেনা বেগম কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়নের বাজারহাটি গ্রামের মৃত মহরম আলীর স্ত্রী। ভোট দেওয়া শেষে ভাইপুত (নাতি) মোর্শেদ আলীর কোলে বসে বের হয়ে যাচ্ছিলেন আমেনা বেগম। 

ভোট কেন্দ্রটির ফটকে কথা হয় বৃদ্ধা ও তার ভাইপুত (নাতি) মোর্শেদ আলীর সঙ্গে।

Advertisement

শতবর্ষী বৃদ্ধা আমেনা বেগম ঠিকমতো কথা বলতে পারেন না। তবুও আস্তে আস্তে করে জানান, জীবনে অনেকবার ভোট দিছি। কোনো ভোট বাদ দিছি না। এই বুড়া বয়সে ভাইপুতের কোলে করে আইয়া ভোট দিতে পাইরা অনেক ভালো লাগছে। নিজের ভোট নিজে দিসি। ভালোভাবে দিছি। 

আমেনা বেগমকে কেন্দ্রে নিয়ে আসেন তার ভাইয়ের ছেলে মোর্শেদ আলী। তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে ফুফুর খুব আগ্রহ দেখলাম। তাই উনাকে নিয়ে ভোটকেন্দ্রে আসলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ফুফু খুবই আনন্দিত। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনির হোসেন বলেন, এই কেন্দ্রে আমেনা বেগমই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি দুপুর ১২টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। সুস্থ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২য় ধাপে কিশোরগঞ্জের ৩টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। উপজেলা ৩টি হলো কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম। নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে এ ৩ উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা সানন্দে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!