আম পাড়তে উঠে গাছেই প্রাণ গেল ইসমাঈলের
আম পাড়তে গিয়ে গাছে উঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. ইসমাঈল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ এলাকার তেমুহনীতে।
মৃত মো. ইসমাঈল সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মোক্তার বাড়ির মো. মোস্তফার ছেলে।
তার ভাই নুর আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভাই তার চা দোকান সংলগ্ন আজিজুল হক দোকানির গাছ থেকে আম পাড়তে গাছে উঠেন। একপর্যায়ে গাছের উপরে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ও গাছে আটকে যান। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) আরাফাত হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. ইসমাঈল নামে লোকটির মৃত্যু হয়।
সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা চা দোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসমাঈলের স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়ে রয়েছে। বিকেলে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
সোনাগাজী মডেল থানা ওসি সুদীপ রায় পলাশ জানান, গাছে আম পাড়তে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে লোকমুখে শুনেছি।