ডাম্পারে পিষ্ট হয়ে ঝরল কলেজ শিক্ষার্থীর প্রাণ
সাতক্ষীরার শ্যামনগরে ইটভাটার ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে পলাশ আউলিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী-আড়পাঙ্গাশিয়া সড়কের বড়কুপট এলাকার মেসার্স জামান ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ উপজেলার মুন্সিগঞ্জ ইউনিডনের জেলেখালি এলাকার ভোলানাথ আউলিয়ার ছেলে ও নওয়াবেকী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
নিহত পলাশের সহপাঠী রিয়াদ হোসেন ও সুদীপ মন্ডল জানান, পলাশ আটুলিয়া ইউনিয়নের বয়ারশিং গ্রামে তার দাদু শচীন মন্ডলের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। সকালে সেখান থেকে সহপাঠী সাদিকের মোটরসাইকেলে করে কলেজে আসার পথে মেসার্স জামান ব্রিকসের সামনে পৌঁছালে একটি ডাম্পার ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় পলাশ ছিটকে ডাম্পারের নিচে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পলাশের মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা সহপাঠী সাদিক প্রাণে বেঁচে যান।
.png)
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ডাম্পারে আগুন ধরিয়ে দেন ও জামানের ইটভাটা (মেসার্স জামান ব্রিকস) ভাঙচুর শুরু করেন। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।