প্রেমিককে চড়-থাপ্পড় দিয়ে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চেয়ারম্যানপুত্রের
ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টাকালে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ওই যুবকের তথ্যের ভিত্তিতে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার সাইফুর রহমান সুজন উপজেলার চান্দ্রা ইউপির চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার ছেলে। অন্য দুজন হলেন পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের মন্নু মুন্সির ছেলে তাহাসিন মুন্সী ও একই গ্রামের তালেব মিয়ার ছেলে মুন্না মিয়া।
.png)
ভাঙ্গা থানার এসআই কবির হোসেন জানান, শিবচরের গুপ্তেরচর এলাকা থেকে প্রেমিক ইউনুচ সরদারের সঙ্গে তার প্রেমিকা ঘুরতে আসে ভাঙ্গা গোল চত্বরে। তারা সন্ধ্যার পরে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে তখন সুজনসহ চার বখাটে যুবক ওই প্রেমিক-প্রেমিকার ভ্যানের গতিরোধ করে নামতে বাধ্য করে। এক পর্যায়ে বখাটেরা তাদের রাস্তার পাশে জঙ্গলের ভেতর নিয়ে প্রেমিক ইউনুচকে চড়-থাপ্পড় দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চালায়। এক্সপ্রেসওয়ের বাইপাস সড়ক দিয়ে পুলিশ সদস্যদের টহলকালে ভ্যানচালক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তখন পুলিশ ধাওয়া করে এক বখাটেকে আটক করতে সক্ষম হয়। আরো তিন বখাটে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই প্রেমিক-প্রেমিকা ও ভ্যানচালককে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ধর্ষণ চেষ্টা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানায়। ওই প্রেমিকার মা বাদী হয়ে শনিবার ভাঙ্গা থানায় মামলা করেছেন।