ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে শ্যামলী

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ৯ জুন ২০২৪
হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে শ্যামলী
হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে প্রতিবন্ধী শ্যামলী। ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোদে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতেও কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি দেখা গেছে।

এদিকে, প্রকৃতির বৈরিতা ভেঙে হামাগুড়ি দিয়ে মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী শ্যামলী (৩২)। শত বাধা পেরিয়ে রোববার সকালে তিনি এসেছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে। তিনি বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের দেব-রঞ্জন গরামীর মেয়ে।

কান্না চোখে শ্যামলীর মা অঞ্জলি রানী বলেন, ‘আমার চার মেয়ে। তিন মেয়ে মারা গেছে। এক মেয়ে বেঁচে আছে, তাও প্রতিবন্ধী। আমার কষ্টের শেষ নেই। এই মেয়েকে কেউ বিয়েও করবে না।’

Advertisement

শ্যামলী বলেন, ‘মায়ের সঙ্গে ভোট দিতে এসেছি, ভোট মানে আমার কাছে একটা দায়িত্ব। আমার মতে সব নাগরিকের উচিত ভোট উৎসবে অংশ নিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা।’

স্থানীয় সবুজ বলেন, শ্যামলী আমার প্রতিবেশী। নিজের দায়িত্বের প্রতি সচেষ্ট প্রতিটি ভোটেই হামাগুড়ি দিয়ে কেন্দ্রে এসে ভোট দেন তিনি। একটা হুইলচেয়ার হলে আরো ভালোভাবে চলাচল করতে পারবেন শ্যামলী। ভোট প্রয়োগ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অন্য সব কাজ ঠিকমতো করতে পারবেন।

মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার। দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৬১৪।

তিনি আরো বলেন, ‘এখন একটু ভোটার কম আসছে। দুপুরের পারে হয়তো আরো বাড়বে।’

বরগুনার বামনা উপজেলায় চারটি ইউনিয়নে ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার ৪৪৪। পুরুষ ভোটার ৩৩ হাজার ৯২ ও নারী ভোটার হাজার ৩৫২ জন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এ ১৯টি উপজেলায় ভোটগ্রহণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে উপজেলা পরিষদ নির্বাচন। এর আগে, চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!