কাটছিলেন ঘাস, এক ছোবলেই প্রাণ গেল কৃষকের
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে আফসার খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আফসার খান উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) দেবাশীষ কাপুরিয়া।
জানা যায়, বুধবার সকালে ঘাস কাটার জন্য চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালিপুর এলাকায় যান তিনি। ঘাস কাটার একপর্যায়ে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।
আরএমও দেবাশীষ কাপুরিয়া জানান, আফসারকে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছেন এবং অ্যান্টিভেনম প্রদান করেছিলেন। কিন্তু তীব্র বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়। রোগীর উপসর্গ ও ক্ষতস্থান দেখে বিষধর সাপের কামড় ছিল বলে ধারণা করা হচ্ছে।