মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউপির টেপিরবাড়ি পশ্চিম পাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিক কামরুল ইসলামের স্ত্রী জোসনা খাতুন জানান, কয়েক বছর আগে জামালপুর থেকে এসে শ্রীপুরের তেলিহাটি ইউপির টেপিরবাড়ি পশ্চিম পাড়া গ্রামের জায়গা কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। স্বামী কোনাবাড়ি এলাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। মঙ্গলবার দুপুরে রান্না শেষে বাইরে আসেন। এ সময় বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান। পরে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির ৯টি বসত ঘরের মধ্যে ৬টি ঘর, ঘরে থাকা নগদ টাকা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, টেলিভিশন, আলমারি, ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
.png)
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা হয়। আগুন ৬টি বসত ঘর, ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।