ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ২৬ জুন ২০২৪
নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের ধোঁয়া কয়েক কিলোমিটার ছড়িয়ে পড়ে তেলের ড্রামগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নদী ও তীরে বসবাস করা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

বুধবার দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। 

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, এই ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশালের মনপুরায় যাচ্ছিল। 

Advertisement

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে ৪ জন ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এ সময় সেখান থেকে হয়তো আগুনের ঘটনা ঘটতে পারে। এরমধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন।

জানা যায়, ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, এ মুহূর্তে কিছুই বলতে পারব না। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেয়া হয়েছে ও বাকি ৩ জনের ব্যাপারে এখনো জানি না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!