ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশাচালককে পেটানোর ভিডিও ভাইরাল, পুলিশ সদস্য ক্লোজড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২৯ জুন ২০২৪
রিকশাচালককে পেটানোর ভিডিও ভাইরাল, পুলিশ সদস্য ক্লোজড
ইনসেটে এএসআই সেলিম রেজা। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় এক অটোরিকশাচালককে পিটিয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা। এ ঘটনার ২ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টার দিকে সিংড়া উপজেলা পরিষদ-সিংড়া বাস্ট্যান্ড রোডের দেশ ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম রেজাকে পুলিশ লাইন্সে লাইনে ক্লোজড করা হয়েছে।

অভিযুক্ত পুলিশের ওই কর্মকর্তা সিংড়া থানায় কর্মরত এবং ভুক্তভোগী ওই অটোরিকশা চালকের নাম হারুন আলী। তিনি সিংড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাইশা গ্রামের বাসিন্দা।

Advertisement

পুলিশ সুপারের নির্দেশে শনিবার (২৯ জুন) বিকেলে তাকে লাইনে ক্লোজড করা হয় বলে সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দমদমা থেকে অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন চালক হারুন আলী। পথে উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে পৌঁছালে এএসআই সেলিম রেজা তার অটোরিকশাটি থামান। এরপর এএসআই সেলিম রেজা, এক পুলিশ কনস্টেবলসহ তিনজন অটোরিকশায় উঠে তাদের সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বললে অপারগতা প্রকাশ করেন চালক হারুন।

ওই ভিডিওতে এএসআই’কে বলতে শোনা যায়, ‘আরে বেটা আমি তোরে বলছি তুই যা, একে বারে কান ফাটায় ফেলাবো যা.. যা..।’ এ সময় অকথ্য ভাষায় চালককে গালিগালাজ করতে থাকেন। একপর্যায় এএসআই ক্ষুদ্ধ হয়ে তার হাতে থাকা টস লাইট দিয়ে চালকের মাথায় মারধর করতে থাকেন। পরে আবারো দ্বিতীয় দফায় চালকে মারধর করতে দেখা গেছে। এ সময় চালকের কান্নায় আশপাশের লোকজন জড়ো হলে তাদের ধমক ও গালি দিয়ে সরিয়ে দেন এএসআই সেলিম রেজা। এরপর চালক ওই এএসআইসহ তিনজনকে রিকশায় নিয়ে চলে যান।

ভুক্তভোগী হারুন আলী বলেন, অটোরিকশার মিটারের তারে সমস্যা ছিল। যে কারণে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে গাড়ি থামিয়ে পুলিশ সদস্যরা যেতে চাইলে গাড়ির সমস্যার কথা বলে যেতে চাইনি বলে মেরেছে। এরপর সেভাবেই উনারা বসে ছিল, তাদের বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজা জানান, ওই রিকশাচালককে তিনি কোনো মারধর করেননি, শুধু তাকে যেতে বলেছেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশে এএসআই সেলিম রেজাকে পুলিশ লাইনন্সে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, তদন্ত করে আইনগতভাবে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। যে যতটুকু অপরাধ করবে তার সেই টুকু বিচার হবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!