[ দেশজুড়ে ]
কবরস্থানে লুকানো ছিল ১শ’ বস্তা ভারতীয় চিনি
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি কবরস্থান থেকে চোরাকারবারির মাধ্যমে আনা ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। চিনিগুলো ত্রিপল ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। তবে অবৈধ এ কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম সংলগ্ন বেরবেরী হাওরের কবরস্থান থেকে এসব চিনি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিহ্নিত চোরাচালানিরা ভারত থেকে চিনি, মদ, গাঁজা ও কসমেটিকস চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে মজুত করে রাখে। পরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বেরবেরী হাওরে অবস্থিত একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনি জব্দ করা হয়।
.png)
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ১০০ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উদ্ধারকৃত চিনি আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!