ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৩ জুলাই ২০২৪
থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার
আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়া গ্রেফতার। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার কসবা উপজেলার বিনাউটি নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। অবশেষে বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আরজুকে আজই আদালতে পাঠানো হবে। 

গত সোমবার ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা -সিলেট মহাসড়কের ধরখার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় তাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা  দিয়ে ধরখার পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় তাকে সোপর্দ করা হয়। থানায় নিয়ে গিয়ে আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। তিনি ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে কৌশলে পালিয়ে যান।

Advertisement

এ ঘটনায় পরদিন মঙ্গলবার দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!