ডাক্তার না হয়েও নিয়মিত রোগী দেখতেন তারা
চট্টগ্রামের পটিয়া ও রাউজানে পৃথক অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে মুচলেকা নিয়ে ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ও রাতে এসব অভিযান চালানো হয়। দুই ভুয়া চিকিৎসক হলেন- পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের নুরুজ্জামানের মেয়ে তাহেরা বেগম ও রাউজানের পুলক কান্তি দে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া উপজেলার শান্তির হাট এলাকার হাজী মার্কেটের দ্বিতীয় তলায় চেম্বার করার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাহেরা বেগমকে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। দুই বছর ধরে চেম্বার খুলে সেখানে রোগী দেখছিলেন তাহেরা।
.png)
প্লাবন কুমার বিশ্বাস বলেন, বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অপরাধে তাহেরা বেগমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।
অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে রাউজান উপজেলা সদরের জলিল নগর আবছার মার্কেটের দ্বিতীয় তলায় চেম্বারে অভিযান চালিয়ে পুলক কান্তি দে’কে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা।
অংগ্যজাই মারমা বলেন, একসময় ল্যাব সহকারী হিসেবে কাজ করতেন পুলক কান্তি দে। নগরের একটি চক্ষু হাসপাতালে চক্ষু চিকিৎসকের সহকারী হিসেবেও কাজ করেন। ডাক্তার পরিচয়ে প্রতারণার অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।