হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) পৃথক পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
বিকেল ৩টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা যশকেশরী গ্রামের সেলিম মিয়ার ৪ বছর বয়সী শিশু কন্যা পার্শ্ববর্তী একটি স্কুলে খেলতে যায়। এ সময় মাটিতে থাকা বিদ্যুতের আর্থিং তারের সঙ্গে জড়িয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
.png)
এদিকে, লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমসু মিয়া (৫৮) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার ভাদিকারা গ্রাম সংলগ্ন কালীটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জমসু মিয়া নামে ওই ধান ব্যবসায়ী স্থানীয় বুল্লাবাজার থেকে ধান বোঝাই নৌকা নিয়ে গ্রামের বাড়ি নোয়াগাঁও ফিরছিলেন। পথিমধ্যে নৌকায় থাকা অবস্থায় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পানিতে পড়ে যান তিনি। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।