নিহতের লাশ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।
জানাগেছে, গাজীপুর জেলার রাজমিস্ত্রি শাহাদাত (১৯) ও ঠাকুরগাও জেলার রাজমিস্ত্রি নিহত মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে থেকে তার বাড়ির ভবন নির্মাণের কাজ করছিলেন। রোববার ভোর ৫টার দিকে ওই ভবনের ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয় ওই দুই রাজমিস্ত্রির।
.png)
এ সময় রাজমিস্ত্রি শাহাদাত হাতুড়ি দিয়ে অপর রাজমিস্ত্রি মিজানের মাথায় একাধিক আঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যান। পরে শাহাদাত মিজানের লাশ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকলে আবুল মুন্সীর বাড়ির এক নারী দেখে ফেলেন। পরে ওই নারী আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে ঘাতক শাহাদাতকে আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন বলেন, ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে রাজমিস্ত্রি শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশে সোপর্দ করে।
টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।