ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেলিকপ্টারে ঢাকায় গেলেন সাবেক বিচারপতি মানিক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪
হেলিকপ্টারে ঢাকায় গেলেন সাবেক বিচারপতি মানিক
ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র‌্যাবের একটি হেলিকপ্টারে করে তাকে পাঠানো হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে জেলা পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিকেল ৪টা ৪০ মিনিটের সময় রাজধানী ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরের উদ্দেশে রওনা করে। পরবর্তীতে তাকে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেয়ার কথা। আগামীকাল বুধবার ঢাকার আদালতে একটি মামলায় তাকে হাজির করার কথা রয়েছে।

Advertisement

এর আগে, গত সোমবার অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার মামলায় সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে দেশের বিভিন্ন স্থানে হত্যাসহ একাধিক মামলায় আদালত থেকে তাকে ফের কারাগারে পাঠানো হয়। পরে কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি মামলায় আগামীকাল বুধবার ঢাকার আদালতে তাকে (অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক) হাজির করার কথা। যার কারণে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় পাঠানোর উদ্দেশে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি। পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ওইদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!