জয়পুরহাটে ৩৫ হাজার জাল টাকাসহ গ্রেফতার ২
জয়পুরহাটে জাল নোট ছাপানো চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ৯শ’ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
দুর্গাপূজাকে সামনে রেখে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব। এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার বামনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত একজনের নাম আরাফাত আজিজুল হক (২০)। আরেকজন ১৪ বছর বয়সী কিশোর। আরাফাত জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আনিছুর রহমানের ছেলে এবং ওই কিশোরের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বর্মণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃত দু’জনের কাছে ৩৫ হাজার ৯শ’ টাকার জাল নোট ও আসল নগদ ২ হাজার ৯শ’ টাকা পাওয়া যায়। এ সময় তাদের কাছে জাল নোট ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে। গ্রেফতারকৃত আরাফাত এই চক্রের মূলহোতা হিসেবে কাজ করতেন বলে জানায় র্যাব। তার সহযোগী হিসেবে ওই কিশোর কাজ করতো। তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, গ্রেফতারকৃতরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জাল নোট তৈরি করছিলেন। তারা আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে জাল নোট ঢুকিয়ে চালিয়ে দিতেন। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট ছড়িয়ে দিতেন। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা শেষে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাব কর্মকর্তা।