ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বাবা হত্যার প্রতিশোধ

মামাকে পিটিয়ে হত্যা, ৪০ দিনের মাথায় ভাগ্নে খুন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১ অক্টোবর ২০২৪
মামাকে পিটিয়ে হত্যা, ৪০ দিনের মাথায় ভাগ্নে খুন
ছবি: সংগৃহীত

নরসিংদীতে মামাকে পিটিয়ে হত্যার ৪০ দিনের মাথায় খুন হয়েছেন হানিফ মিয়া নামে এক যুবক। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৯ আগস্ট নরসিংদী শহরের চৌয়ালা এলাকার বাসিন্দা মো. হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে তার ভাগ্নে হানিফ মিয়া পিটিয়ে হত্যা করেছিল। এ ঘটনার ৪০ দিন না যেতেই মঙ্গলবার ভাগ্নে হানিফ মিয়া নিহত হয়েছেন। 

অভিযোগ উঠেছে, মামাকে হত্যা করার প্রতিশোধে এ হত্যাকাণ্ড হয়েছে। হাবিবুল্লাহর ছেলে নাইম-নাদিম ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে প্রথমে কুপিয়ে আহত করে এবং পরে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

Advertisement

মো. হাবিবুল্লাহ এবং হানিফ মিয়া পরস্পর মামা-ভাগ্নে সম্পর্ক হলেও তাদের মধ্যে মামার বাড়ির সম্পত্তি নেয়ার বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করেই প্রথমে ভাগ্নে মামাকে পিটিয়ে হত্যা করে এবং পরে মঙ্গলবার ওই মামার সন্তানরাই বাবার প্রতিশোধ হিসেবে হানিফ মিয়াকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতের খালাতো ভাই কাউছার মিয়া জানান, প্রায় দেড় মাস আগে তার মামা হাবিবুল্লাহ মিয়াকে পিটিয়ে হত্যা করে হানিফ ও তার ছোট ভাই বাবু। এ সময় হাবিবুল্লাহর ছেলে নাইম ও নাদিম তার বাবাকে কবর দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিল ৪০ দিনের ভেতরে বাবার হত্যাকারীকে খুন করবে। আমরা ধারণা করছি আজকে নাইম ও নাদিম হানিফকে হত্যা করেছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. এমদাদুল হক জানান, এই হত্যাকাণ্ড পূর্বশত্রুতার জেরে হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে এ বিষয়ে মামলা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!