নিজের অফিস কক্ষেই ঝুলছিল ভূমি কর্মকর্তার নিথর দেহ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে মু. জসীম উদ্দিন খান নামে এক কর্মকতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূমি অফিসের তিনতলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মৃত জসীম উদ্দিন খান গত চার বছর ধরে এই অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
.png)
উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী নিখিল জানান, রাত ৮টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসতে বলেন সার্ভেয়ার জসীম। খাবার নিয়ে আসার পর ওই কর্মকর্তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এ সময় দরজা খুলতে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে তারা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।