বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরস্থ কাজীর পয়েন্ট সংলগ্ন তাহিরপুর কল্যাণ সমিতির ২য় তলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া ও বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।
.png)
সংবাদ সম্মেলনে উপস্থিত চেয়ারম্যান ও মেম্বাররা বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।
তারা বলেন আমরা জানতে পেরেছি সরকার ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে, এতে ভেঙে পড়তে পারে গ্রাম আদালতের কার্যক্রম ও সরকারের জনকল্যাণ মূলক উদ্যোগ। আমরা মনে করি এতে তৃণমূলের নাগরিক সেবা ব্যাহত হবে।
তারা আরো বলেন, যাচাই-বাছাই করে জনবান্ধব প্রতিনিধিদের বহাল রেখে নাগরিক সেবা নিশ্চিত করা হোক।
এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার অপসারণ করা হলে জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, প্রত্যয়ন পত্র,নাগরিকত্ব সনদপত্র, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ভাতাদি ও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কার্ড পেতে ভোগান্তি বাড়তে পারে। এমতাবস্থায় জনস্বার্থ বিবেচনায় চেয়ারম্যান ও মেম্বার অপসারণ না করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত একটি স্মারকলিপি প্রদান করেন।