‘ক্লিন কেয়ার’-এ ১,০২০ অভিযোগ নিষ্পত্তি
নগরবাসীর পরিচ্ছন্নতাসংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপ নাগরিক সেবায় ইতিবাচক সাড়া ফেলেছে।
গত ৭ জুলাই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ১ আগস্ট থেকে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে অ্যাপটির মাধ্যমে মোট ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগ সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। বাকি ৪৪১টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
.png)
ডিএসসিসি সূত্র জানায়, ‘ক্লিন কেয়ার’ ব্যবহার করে সেবা নেওয়া নাগরিকদের সন্তুষ্টির গড় হার ৫-এর মধ্যে ৪ দশমিক ৫। এ ছাড়া ৮৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপটির সেবা সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন।
ডিএসসিসির মতে, স্বল্প সময়ে নাগরিকদের এমন সাড়া ডিজিটাল প্ল্যাটফর্মটির কার্যকারিতা এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবায় নগরবাসীর অংশগ্রহণের প্রতিফলন।
‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতাসংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই কর্তৃপক্ষকে জানাতে পারছেন। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর ফলে পরিচ্ছন্নতা কার্যক্রমে জবাবদিহি বাড়ার পাশাপাশি সেবা দেওয়ার গতি এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
এ উদ্যোগ সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও জরুরি। ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ নিয়ে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অ্যাপটির প্রতি আস্থা রাখার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নাগরিক সেবা আরও বিস্তৃত করতে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য সেবাও এই অ্যাপের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসি ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেম চালু করে।